মোঃমকবুলার রহমান,(স্টাফ রিপোর্টার)নীলফামারীঃজুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পরামর্শ শোনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে তারা পরামর্শ দিয়েছেন। ঘোষণাপত্র বিষয়ে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদের মতামত দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা প্রশ্ন করেছি, সাড়ে পাঁচ মাস পর এই ঘোষণাপত্র তৈরির প্রয়োজনীয়তা কতটুকু। যদি প্রয়োজন থাকে, এর রাজনৈতিক, ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কী হবে তা সুনির্দিষ্ট করতে হবে। যেন এই ঘোষণাপত্র কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো বিভেদ না সৃষ্টি হয়।”
সালাহউদ্দিন আহমেদ বলেন, “কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হলে সেটিকে সম্মান জানানো জরুরি। কিন্তু এর প্রণয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও পরামর্শ নেওয়া উচিত। আমি পরামর্শ দিয়েছি যাতে এই প্রক্রিয়া সবার জন্য স্বচ্ছ হয় এবং বিভ্রান্তি সৃষ্টি না হয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা আমাদের প্রধান লক্ষ্য। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্যের ভিত্তি সৃষ্টি হয়েছে, সেটিকে গণঐক্যে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারে রূপ দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন আমাদের মধ্যে অনৈক্যের বীজ বপন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”







