রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ ৯ বছর ইরাকে থাকার পর বাড়ী ফিরে স্বামী দেখলেন স্ত্রী পপি (৩০) বাড়ীর ঘরের আড়ার সাথে ঝুলছে। পপি জেলার গোয়ালন্দ উপজেলার জটু মিস্ত্রি পাড়া, পূর্ব তেনাপচা গ্রামের আলামিনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দঘাট উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জটু মিস্ত্রির পাড়া, পূর্ব তেনাপচা গ্রামের নিজের বসতবাড়ীর পাকা টিনশেড ঘরের মধ্যে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে যেকোন সময় পপি (৩০) তার নিজের বসতবাড়ীর পাকা টিনসেট ঘরের দক্ষিণ পাশের রুমের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে তাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নিচে নামায়। সে নামানোর আগেই মারা যায়।
সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।









