মোঃমকবুলার রহমান,(স্টাফ রিপোর্টার) নীলফামারীঃজুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের সূচনা বক্তব্যে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার তার বক্তব্যে তিনি বলেন, “আমি যতদিন আছি, এই ঐক্যের চেতনা নিয়েই থাকবো। আমাদের পথ একটাই—একতার পথ। আপনারা সেই সাহস আমাদের দেন। পাঁচই অগাস্টের কথা স্মরণ করলে মনে হয়, আমরা একতাবদ্ধভাবে চলতে পারি। আজ আপনাদের দেখে আমি আরও বেশি সাহসী বোধ করছি।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে দেখা হলে, কথা বললে আমার মনে সাহস জাগে। এই সরকারের ভিত্তি একতার ওপর প্রতিষ্ঠিত। আমরা যখন নিজেদের মতো কাজ করি, তখন প্রায়শই মনে হয় আমরা একা হয়ে গেছি। কিন্তু আপনাদের একত্রিত উপস্থিতি প্রমাণ করে যে আমরা আসলে একসঙ্গে আছি। ঐক্যই আমাদের জন্ম দিয়েছে, ঐক্যই আমাদের শক্তি।”
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে ড. ইউনূস অতীতের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “ছাত্ররা একদিন এসে জানায় তারা একটি ঘোষণাপত্র তৈরি করতে চায় এবং আমাকে সেখানে থাকতে হবে। আমি জানতে চেয়েছিলাম কী ধরনের প্রস্তাব তারা আনতে চায়। তখনই বলেছিলাম, এটি একতাবদ্ধ না হলে কার্যকর হবে না।”
তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “যদি পাঁচই অগাস্টের অনুভূতিকে পুনরায় জাগ্রত করতে চাও, তবে সবার সম্মিলিত চেষ্টার প্রয়োজন। এটি একক কোনো উদ্যোগ হতে পারে না। পাঁচই অগাস্টের শক্তি ছিল ঐক্যের শক্তি। সেই ঐতিহাসিক মুহূর্তকে যদি নতুনভাবে সৃষ্টি করতে চাও, তবে একতাই তোমাদের মূল ভিত্তি হতে হবে।”
ড. ইউনূস আরও বলেন, সেই সময় ছাত্ররা তার কথায় পুরোপুরি খুশি হয়নি। তবে পরে তারা উপলব্ধি করে, “ঐক্য ছাড়া পাঁচই অগাস্টের চেতনা পুনর্জীবিত করা অসম্ভব।”তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “যদি এই ঘোষণাপত্র একতাবদ্ধভাবে করা না হয়, তবে এর মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। তাতে করে এটি প্রয়োজনীয়ও নয়।”
তার ভাষায়, “যদি আমরা সবাই একসঙ্গে থাকি, তাহলে আমাদের মনোবল বাড়বে। সারা দেশ দেখবে যে আমরা এখনো জেগে আছি, আমাদের অনুভূতি ভোঁতা হয়ে যায়নি। আমরা জাতি হিসেবে এখনো ঐক্যবদ্ধ।”এই বক্তব্যের মাধ্যমে ড. ইউনূস একতা ও সহযোগিতার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।










