বিশেষ প্রতিবেদক:
তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা এবং শান্তি বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামের সই করা একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সা’দের অনুসারীরা নিজ নিজ তাবলিগি মারকাজে থেকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবেন। এক পক্ষ অন্য পক্ষের মারকাজে কোনো প্রকার বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকবে।
কাকরাইল মসজিদ বিষয়ে পূর্বে জারি করা নির্দেশনাগুলো অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে মানার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর মাওলানা সাদপন্থিদের কাকরাইল মসজিদে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে জুবায়েরপন্থিদের বড় জমায়েত না করার জন্যও নির্দেশনা জারি করা হয়।
এদিকে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আয়োজন হওয়ার কথা। তবে ইজতেমার আগে থেকেই তাবলিগ জামাতের দুই পক্ষের বিভেদ ও সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।





