রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমঘটিত কারণে হতাশায় গলায় ফাঁস দিয়ে ওমর মন্ডল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে গোয়ালন্দ পৌর শহরের ৪ নং ওয়ার্ড নিলু শেখের পাড়ার কালাম মন্ডলের ছেলে।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সান সাইন কলেজিয়েট স্কুলের পেছনের একটি বাগানে আম গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওমরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ওমর। রাতভর তার মা ও পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সান সাইন কলেজিয়েট স্কুলের পেছনের একটি বাগানে আম গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওমরের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। এরপর চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে রশি কেটে তাকে নিচে নামান। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওমরের মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, যুবক ওমরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত কারণে হতাশায় ভুগে ওমর আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।













