রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে মন্দিরে হামলা;আটক-১

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুর করার সময় একজন দূর্বৃত্তকে আটক করেছে এলাকাবাসী।

রবিবার(৩১ আগষ্ট) দিবাগত রাত ১:৩০ মিনিটের দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের ভোলারদিঘী গ্রামে শ্রী শ্রী সার্বজনীন সন্ন্যাসী মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করার সময় ওই দূর্বৃত্তকে আটক করা হয়।

আটককৃত রিয়াজুল ইসলাম (৩৮) একই ইউনিয়নের সাবদল গ্রামের মাবুদ উল্লাহর ছেলে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধরণীকান্ত বর্মন বলেন, “৪-৫ জনের একটি দল মন্দিরে হামলা করে এবং শিব মূর্তি ভাঙ্গার চেষ্টা করে।কিন্তু মূর্তিটি পাথরের হওয়ায় বেশি ক্ষতি করতে পারেনি।হামলাকারীরা লোহার রড এবং ধারালো অস্ত্র ব্যবহার করে মূর্তির চোখ, মাথা এবং হাত সহ মূর্তির কিছু অংশ বিকৃত করেছে, সেইসাথে মন্দিরের লোহার গ্রিলের দরজাও ক্ষতিগ্রস্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,“মন্দিরের পাশ্ববর্তী বাসিন্দা মোবারক আলী মন্দিরের ভিতরে শব্দ শুনতে পেয়ে গ্রামবাসীদের সতর্ক করে দেয়।এসময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে এলাকাবাসী।”

ঘটনাস্থলে উপস্থিত দীপক কুমার রায় জানায়, “আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিমা ভাংচুর এর বিষয়টি স্বীকার করেছে।সেইসাথে সে এটাও বলে যে,তাদের ৪০ জনের একটি গ্রুপ আছে।সেখান থেকে ৫ হাজার টাকা দিয়ে তাকে পাঠানো হয় মন্দিরে হামলা করতে।”

পরবর্তীতে আটককৃত দূর্বৃত্তকে আদিতমারী থানায় হস্তান্তর করেছে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ-উন নবী বলেন , “এবিষয়ে মন্দির কমিটি মামলা করেছে।গ্রেফতারকৃত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।৪০ জনের গ্রুপ ও ৫ হাজার টাকার বিষয়ে কিছু বলা যাচ্ছে না।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”

সম্পর্কিত