শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাটোরে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, পুলিশ হেফাজতে শিক্ষক

নিউজ ডেস্ক:নাটোরে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার বাংলাদেশ সাইবার টিমের সহযোগিতায় কলেজের উপাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই।

অভিযোগকারী শিক্ষার্থীর দাবি, প্রভাষক সেলিম রেজা কলেজে শিক্ষকতার পাশাপাশি ভাড়া বাড়িতে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষক দীর্ঘদিন থেকে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে চলতি বর্ষের বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য করেন ওই শিক্ষক। পরে যোগাযোগ করা হলে ওই শিক্ষক ব্যক্তিগতভাবে দেখা করতে বলেন। পরে বিকালে প্রাইভেট পড়তে গেলে ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করেন।

এ ব্যাপারে নাটোর সাইবার টিমের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, ‘প্রভাষক সেলিম রেজা এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। এমন অভিযোগে আমরা সাইবার টিম এখানে আসি। শিক্ষার্থীকে আজ ছুটির দিন তার প্রাইভেট রুমে আসতে বলেন। পরে সেখানে আমরাসহ যাই। এসময় সেলিম রেজার মোবাইল ফোন চেক করে আরও অনেক শিক্ষার্থীর সাথে আপত্তিকর মেসেজ আদান–প্রদানের প্রমাণ পাওয়া যায়।’

কলেজের অন্য শিক্ষার্থীরাও এমন ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর বিচার দাবি করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আরও তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত