বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের (৫০) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত অবস্থায় ওই শিক্ষককে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে রেফার্ড করেন।
মঙ্গলবার (১৩ আগেই) সকাল সাড়ে ১০টার দিকে নবাবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বকশিয়াবাড়ি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা তাকে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে।
প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে বিক্ষোভ করেন।
নবাবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাঈদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আসার পথে ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী প্রধান শিক্ষকের ওপর হামলা করেন।
প্রাথমিকভাবে তিনি কাউকে চিনতে পারেনি বলে আমাকে জানিয়েছেন। তিনি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে তার উপর হামলা হতে পারে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে থানা পুুলিশ কাজ করছে।






