শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

উপজেলা প্রশাসনের উদ্যোগে বাসন্তি গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অর্ধশতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের বাসন্তি গ্রামের এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। বন্যার্তদের জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ প্যাকেজে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম চিনি, দুই কেজি আলু ও এক কেজি লবণ ছিল।
এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনজাজুল ইসলাম, উপজেলার চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান জাহিদ আনোয়ার পলাশ, মর্জিনা বেগম, প্রেস ক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক মিয়া প্রমুখ।
জেলা প্রশাসনের তথ্যমতে, কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বেড়ে ৯ উপজেলার এখনো ১ লাখ ৩৫ হাজার ৯৩৯জন মানুষ পানিবন্দী রয়েছে। এতে জেলার ২৯০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১০৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ড(পাউবো) তথ্যমতে, কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি সদর পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার, তালুক শিমুলবাড়ী পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২৬ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ৪০ সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে ২৮ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাসন্তি গ্রামের তাপসী রাণী ত্রাণ পেয়ে বলেন, ‘বুধবার ব্রহ্মপুত্র নদের পাড় উথলায় বাড়িত পানি উঠছে। এল্যাও ঘরত পানি। বন্যার পানিত সাতটা হাঁস ও তিনটা মুরগী মরি গেইছে। দুইমাস আগে আশা এনজিও থাকি ৪০ হাজার টাকা কিস্তি নিছিলং। বৃহস্পতিবার আসলেই ১ হাজার টাকা করে কিস্তি দেওয়া নাগে। ত্রাণ পায়া খুব উপকার হইল।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল হাই সরকার বলেন, জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুত আছে এবং বিতরণও অব্যাহত রয়েছে। এপর্যন্ত ৩৯৭ মেট্রিক টন চাল, ২১ লাখ ৮৫ হাজার টাকা ও ২১ হাজার ৩৩০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত