শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার, এখনও ভিসা পাননি অর্ধ লক্ষাধিক হজযাত্রী

প্রতীকী ছবি

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: চলতি বছরের পবিত্র হজ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মে) হজের প্রথম ফ্লাইট হলেও এখনও সৌদি আরবের ভিসা পাননি প্রায় অর্ধ লক্ষাধিক হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ অথবা ১৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত বলে ধারণা করা হচ্ছে। পবিত্র হজ উপলক্ষে এ বছর প্রায় ৮৫ হাজার হজযাত্রী নিবন্ধন করলেও তাদের মধ্যে প্রায় ৫০ হাজার যাত্রীই এখনও ভিসা পাননি বলে জানা গেছে। এতে করে সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেনি দেশের ৮০ শতাংশ হজ অ্যাজেন্সি। বিষয়টি নিয়ে হজ গমনে ইচ্ছুক নিবন্ধনকারী যাত্রীরা দারুণ উৎকণ্ঠায় পড়েছেন।

তাই বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এ সময় আরও বাড়ছে বলে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ভিসা আবেদনের সময় বাড়বে। আমাদের কিছু দুশ্চিন্তা আছে। আমরা কাজ করছি।

এ বিষয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার (৭ মে) আশ্বস্ত করে বলেন, ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, হজযাত্রীরা তার টিকিট এবং ভিসা নিচ্ছেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না— সে বিষয়ে হজযাত্রীরা নিশ্চিত থাকতে পারেন। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। আমরা সঠিক সময় সব কাজই করতে পারব।

এ দিকে, হজ অ্যাজেন্সির গাফিলতির কারণে অধিকাংশ যাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া হয়নি বলে জানা গেছে। তারা কম দামে ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে সময় নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এবার অন্যান্য বছরের তুলনায় বাড়ি ভাড়া কম। তবুও প্রায় ৫০ হাজার হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন না হওয়ায় তাদের ভিসা কার্যক্রম আটকে আছে।

এর আগে গত ৪ মে হজ অ্যাজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। সেখানে হজ ভিসা সম্পন্নকরণের প্রথম পর্বের মেয়াদ (২৯ এপ্রিল) শেষ হওয়ার পর ৭ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।

বেসরকারি মাধ্যমে এ বছর ৮০ হাজার ৬৯৫ জন হজযাত্রী ২৫৯টি অ্যাজেন্সি/লিড অ্যাজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করবেন। তবে এদের মধ্যে ২০৪টি অ্যাজেন্সিই এখন পর্যন্ত হজযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া শুরুই করেনি; যা হজযাত্রীদের হজে গমনে আশঙ্কার সৃষ্টি করেছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে ওই চিঠিতে অ্যাজেন্সিগুলোতে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মে) হজ ভিসা ইস্যুর মেয়াদ শেষ হয়েছে। তবে বিশেষ বিবেচনায় ১১ মে পর্যন্ত পুনরায় এ সময়সীমা বর্ধিত করা হয়েছে।

অপরদিকে, বুধবার (৮ মে) রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) বিমান বাংলাদেশ অ্যায়ারলাইন্স, সৌদি অ্যায়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এ দিন সাতটি ফ্লাইটের শিডিউল রয়েছে। এতে সর্বমোট ২ হাজার ৩৭২ জন যাত্রীর দেশত্যাগের কথা রয়েছে। বিমানের শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

এ ছাড়া সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস ফ্লাইটের শেষ হজ ফ্লাইট আগামী ১২ জুন জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। পাশাপাশি আগামী ২১ জুন বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, হজ ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে রবিবার (৫ মে) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ তাদের প্রতিবেদনে বলেছে, এই ভিসা নিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন হজযাত্রীরা। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ থাকবে। এই ভিসার আওতায় হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতাসমূহ পালন করতে পারবেন। ফলে হজ ভিসায় সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও কেউ বৈধ হবেন না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসতেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সম্পর্কিত