প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শত্রুতার জেরে কিটনাশক ছিটিয়ে মোঃ মাকছুদ ই এলাহী(৩৫) নামের এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির ধান ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ধার-দেনা করে আবাদ করা ধান ক্ষেত নষ্ট হওয়ায় বিপদে পড়েছে কৃষক মোঃ মাকছুদ ই এলাহী।মো. মাকছুদ ই এলাহী ঘোগাদহ ইউনিয়নের মরাটারি গ্রামের মৃত আজিজুল হক গেন্দু মাষ্টারের ছেলে।
জানা গেছে, মাকছুদ ই এলাহী ১০ ভাই বোনের মধ্যে চতুর্থ। বাবা মারা যান তিন বছর আগে।ছোট ছেলে মোঃ মাকছুদ ই এলাহীর সাথে মা থাকেন। বাবা মারা যাওয়ার পর সম্পদ ভাই বোনের মধ্যে আইন অনুযায়ী ভাগাভাগি করে দেওয়া হয়। সব ভাই-বোন মেনে নিলেও মোছাঃ মোসলেমা দম্ভ আর পেশিশক্তি দেখিয়ে দীর্ঘ তিন বছর ধরে নানানভাবে মোঃ মাকছুদ ই এলাহীর ক্ষতি করার চেষ্টা করে আসছে।
সম্প্রতি সুশীল সমাজ সম্পদ ভাগ করে দেওয়ার পর মাকছুদ ই এলাহী ধার-দেনা করে আবাদ করলেও ধান ঘরে তুলতে পারেননি। ধানকাটার উপযুক্ত সময় এলে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আবাদ নষ্ট করে দেয় মোসলেমা।
এ বিষয় একাধিক বার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে অভিযোগ দিলেও মোসলেমা কোনোভাবে মানছেন না বলে জানান মাকছুদ ই এলাহী।এ ঘটনায় কুড়িগ্রাম আদালতে একটি মামলা চলমান রয়েছে।
অভিযুক্ত মোসলেমা বেগম বলেন, আমার বাবার সম্পত্তির ভাগাভাগিতে আমি ৪৮ শতক জমি পাই কিন্তু যোগসাজশ করে আমার অন্যান্য ভাই-বোন আমার অংশ কম দিয়েছে। যে দাগের প্রাপ্ত জমি দাগ অনুযায়ী সে দাগে জমি দিতে হবে বলে জানান তিনি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, এ বিষয়টি আদালতে মামলাধীন। এরপরেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










