শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজধানীসহ ৫ জেলায় তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার

উত্তরবঙ্গ ডেস্ক: সারা দেশে অব্যাহত থাকা তীব্র দাবদাহের কারণে রাজধানীসহ দেশের পাঁচ জেলায় সোমবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর হতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, তারা চাইলে তাদের শ্রেণী ও পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পাশাপাশি পরবর্তী সময়ে এ পাঁচ জেলায় কিংবা অন্যান্য তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কি-না সেই বিষয়ে সিদ্ধান্ত সোমবার জানানো হবে বলে বিজ্ঞপ্তিটিতে আরও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০ এপ্রিল। সেই ছুটি শেষে রবিবার (২৮ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও অব্যাহত তীব্র দাবদাহের কারণে আবারও দেশের পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধের সিদ্ধান্ত এলো মন্ত্রণালয়টি থেকে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের সব ক্লাস মর্নিংয়ে (সকালে) হয়ে থাকে। ফলে প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধ হচ্ছে না।

সম্পর্কিত