শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

হিট স্ট্রোকে সারা দেশে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু

প্রতীকী ছবি

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: সমগ্র দেশে গত এক সপ্তাহে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়াও হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে। সারা দেশে হিট স্ট্রোকে মারা যাওয়া এই ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ২২ এপ্রিল থেকে সারা দেশের সরকারি হাসপাতালে হিট স্ট্রোক রোগীর তথ্য সংগ্রহ শুরু করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিট স্ট্রোকে নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজন চট্টগ্রাম জেলায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উষ্ণতাজনিত অসুস্থতার চিকিৎসায় একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। ২২ এপ্রিল এই নির্দেশিকা ব্যবহারে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এই গাইডলাইনের আওতায় ‘অন ম্যানেজমেন্ট অব হিট রিলেটেড ইলনেস’ এর ভিত্তিতে সারা দেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইনে।

সম্পর্কিত