বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার—কথায় নয়, কাজে প্রমাণ দেবো: সিইসি

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে সব পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব সহজ করতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হলে তা আরও কার্যকর হবে।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমাদের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, কারও এজেন্ডা বাস্তবায়নের দায়িত্বও আমাদের নয়। আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করা—সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে গণতন্ত্রের সৌন্দর্য বিরুদ্ধ মতামতকে গ্রহণ করার মধ্যেই নিহিত। ব্যর্থতা মানেই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই প্রত্যাশা পূরণে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করতে হবে। অতীতের বিতর্কিত নির্বাচন নিয়ে আর বিলাপ নয়, এখন সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের। ভোট সন্ত্রাস কিংবা অনিয়ম করে কেউ সাময়িক সুবিধা পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে তা ব্যক্তি, দল এবং দেশের জন্য ক্ষতিকর। তাই আমরা সর্বশক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য কাজ করছি এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”

সম্পর্কিত