বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তা সংস্কারে নামল এলজিইডি

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তা থেকে রামনাথ বাজার পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ১৮৫০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন । এতে স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে।

​দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। খানাখন্দ আর বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বাজার করতে আসা ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

এই রাস্তাটি বেহাল দশা বিষয় গত মঙ্গলবার আজকের রুহিয়া নামক পেইজে, একটি সংবাদ প্রকাশিত হয়, সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি গোচরে আসলে তিনি এলজিইডি ঠাকুরগাঁওকে সরেজমিন পরিদর্শন পূর্বক দ্রুত রাস্তাটি সংস্কারের নির্দেশনা দেন।

​এই বিষয়ে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার বর্মন বলেন:​”রাস্তাটির অবস্থা এতটাই খারাপ ছিল যে, আমাদের শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারতো না। সামান্য বৃষ্টি হলেই কাদার জন্য হাঁটা যেত না। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমরা আনন্দিত। আশা করছি এখন থেকে ছাত্র-ছাত্রীরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবে।”

 

​রাস্তাটির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও। দ্রুত সংস্কার কাজ শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

​রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক জানান:​”এই রাস্তাটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। গণমাধ্যমে সংবাদটি আসার পরপরই এলজিইডি যে তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। আমরা চাই কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত এটি সম্পন্ন করা হোক।”

​ ঠাকুরগাঁও সদর উপজেলার এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রাজিব হাসান বলেন দৈনিক আজকের রুহিয়া নামক একটি পেইজে রুহিয়া চৌরাস্তা থেকে রামনাথ বাজার পর্যন্ত রাস্তা খানাখন্দ এবং বেহাল দশার

সংবাদ প্রকাশ হওয়ার পরে মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হলে তিনি দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দেন। তাই আজ বুধবার আমি রাস্তাটি সংস্কারের জন্য পরিদর্শন এবং পরিমাপের কাজ শুরু করছি।
গুরুত্ব অনুধাবন করে আমরা জনস্বার্থে ২৪ ঘণ্টার মধ্যেই সংস্কার কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবে।”

​দ্রুত এই উদ্যোগের ফলে রুহিয়া ও রামনাথ বাজার এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

সম্পর্কিত