শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিবপুরে ব্রিজ নির্মাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতা, ব্যাপক ক্ষতির মুখে মাছ ও ধানচাষীরা

শিবপুরে ব্রিজ নির্মাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতা, ব্যাপক ক্ষতির মুখে মাছ ও ধানচাষীরা
কুলসুমা নবাবগঞ্জ  (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবপুর মাদ্রাসার মোড় এলাকায় একটি ব্রিজ নির্মাণকাজে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাম্প্রতিক টানা বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার বহু কৃষক ও মৎস্যচাষি।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্যচাষি মো. হাবিবুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবপুর এলাকায় ৮টি পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। তবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে সব পুকুর প্লাবিত হয়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।

এছাড়াও হাবিবুর রহমানের প্রায় ২৫ একর জমির পাকা ধানও পানির নিচে তলিয়ে গেছে। তিনি জানান, এ ঘটনার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এলাকার আরও অনেক কৃষক জানিয়েছেন, তারাও কয়েক একর জমির ধান হারিয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ব্রিজ নির্মাণের সময় যথাযথভাবে পরিবেশগত প্রভাব মূল্যায়ন না করায় জলাবদ্ধতার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এমন অব্যবস্থাপনার কারণে তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সঠিক ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

সম্পর্কিত