নিজস্ব প্রতিবেদকঃ
উলিপুর উপজেলায় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ফিনিক্সের আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর মাদকদ্রব্যের কুফল ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল ক্বাফি, ফিনিক্সের সহ-সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ লোকমান হোসেন লিমন এবং প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রাব্বী প্রমুখ।
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। তিনি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।










