শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

শরীফ ওসমান বিন হাদীর শহীদী মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক; উস্কানির বিপরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে ও শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে গণতান্ত্রিক সংস্কার জোট। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের ও সারাদেশে ওসমান হাদীর সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। অবিলম্বে খুনীদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবী জানাচ্ছে।

গণতান্ত্রিক সংস্কার জোট ওসমান হাদীর উপর ঘটে যাওয়া এই পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবী জানায়।

গণতান্ত্রিক সংস্কার জোট একই সাথে দেশের বিভিন্ন স্থানে এই হত্যাকান্ডকে ব্যবহার করে চলমান উচ্ছৃঙ্খলতার নিন্দা ও প্রতিবাদ জানায়। জোটের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ূম ও মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, পরাজিত ও পলাতক হাসিনার খুনী-সন্ত্রাসী, ভারতীয় আগ্রাসনবাদী ও দেশের মধ্যে লুকিয়ে থাকা দোসররা মিলে দেশে একটা চরম অরাজকতা তৈরি করতে চান। দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ বানচাল করে এদেশে অগণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান তারা করতে চান।

তাদেরই উস্কানিতে গত রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠা‌ন ও কূটনী‌তি‌কের বাসভব‌নে হামলা হয়েছে, দেশ বরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবিরকে নাজেহাল করা হয়েছে। এ সকল ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবী জানান নেতৃবৃন্দ।

জোটের তিন শীর্ষ নেতা দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। খুনী, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উস্কানিতে পা না দিয়ে ধৈর্য্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। শরীফ ওসমান বিন হাদীর এই আত্মত্যাগ যেন কোন অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ডের হাতিয়ার না হয় সেদিকে জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে, ওসমান হাদীর খুনীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান। এবং অরাজকতা ও দেশী-বিদেশী শত্রুদের উস্কানির বিপরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।

গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষে বার্তা প্রেরক

দিদার ভূঁইয়া
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
ফোন: ০১৭১৩০৯০৫১৩

সম্পর্কিত