বদরুল ইসলাম জামিল:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ইরানের ড. এসমায়েল সাদেঘি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন। তিনি আজ রবিবার এক বছরের জন্য তাঁর এই দায়িত্বে যোগ দেন।
পরে তিনি রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। উপাচার্য এজন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি স্মারক উপহার দেন। এসময় অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী জানান: আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিভাগে এখন বিদেশি শিক্ষক পাঠদান করবেন। আমরা স্বয়ং ইরানির কাছ থেকে ইরানের ভাষা শিখতে পারবো। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। তার কাছ থেকে আমরা ফারসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো।
তিনি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।










