রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ; ৬টি ককটেল বিস্ফোরণ

 

ক্যাম্পাস প্রতিনিধি, রাবিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হলের সামনে রাখা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ৬টি ককটেল বিস্ফোরণ করা হয়। শনিবার (১১ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ ও হল সূত্রে জানা গেছে,  শনিবার রাতে হলের গেস্ট রুমে নিজ কর্মী নিয়ে বসেন সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান। তার কর্মীদের নিয়ে গেস্ট রুম করছিল। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত নেতা নিয়াজ মোর্শেদের অনুসারীও ছিল। একারণে আতিক তাদের হল থেকে বের হয়ে যেতে বললে এ ঘটনায় দুইপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। আতিকুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।

সরেজমিনে দেখা যায়, শনিবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে নিয়াজ মোর্শেদের অনুসারীরা হলের সামনে এবং ভেতরে অবস্থান নেয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচএমএস খায়রুজ্জামান লিটনের মেয়ে অর্ণার নামে স্লোগান দিতে থাকে। অপরদিকে বাবুর অনুসারীরাও হলের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের হাতে ইট-পাটকেল, রড এবং লাঠি দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি ‘

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হলের সামনের রাখা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

/বদরুল ইসলাম জামিল।

সম্পর্কিত