রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় করেন তিনি। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে তিনি যোগদান করেন।
মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঐতিহ্যে ভরা রাণীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করতে সংবাদকর্মীদের কাছ থেকে সকল ধরণের পরামর্শ, পরিকল্পনা ও গঠনমূলক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান।
এ সময় তিনি বলেন, সংবাদকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের একযোগে কাজ করার কোন বিকল্প নেই। আমি এই উপজেলাবাসীর একজন সেবকমাত্র। সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে এই উপজেলায় নিযুক্ত হয়েছি। কোন পদ্ধতিতে সেবা দিলে উপজেলাবাসী আরও উপকৃত হবেন। কোন কোন অবকাঠামোগত কাজ করলে উপজেলা আরও সমৃদ্ধশালী হবে, কিভাবে উপজেলার প্রতিটি সেবাগ্রহিতারা সকল দপ্তর থেকে হয়রানী ছাড়াই সেবা পাবেন ইত্যাদি বিষয়ে উপজেলা প্রশাসনকে সব সময় তথ্য ও পরামর্শ প্রদান করার প্রতি আহ্বান জানান।










