মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃরাজবাড়ীর পাংশায় ৩৭০ টি গাঁজার গাছ সহ সাহিদুল মন্ডল (৩৬) নামে এক চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের হামিদ মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার বেজপাড়া গ্রামে পেঁয়াজ ও রসুনের ক্ষেতের মধ্য থেকে গাঁজার গাছ জব্দ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ১ মাস পূর্ব থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ বন্ধকী জমিতে গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছিলেন সাহিদুল মন্ডল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দ সহ চাষীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।













