বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২জন গ্রেফতার

 

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (০৪ মার্চ) রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সাথে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা গ্রামের সৌদি প্রবাসী সজলের টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান হয়।

এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় এলে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আকাশ তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই জামাল মণ্ডল অবস্থান করছিল।

অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে তারা খুনের ভয় দেখিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৪০০ টাকা নিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১, তারিখ ১ মার্চ ২০২৬।

ভুক্তভোগী ওই তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে সে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ধৃত আসামী আকাশ মন্ডল এর নামে পাংশা থানায় ০৬ টি মামলা এবং মোঃ জামাল মন্ডল এর নামে পাংশা থানায় ০১টি অস্ত্র, ০১টি দস্যুতা মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে

সম্পর্কিত