শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার কালে আগ্নেয়াস্ত্র সহ ৩জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় সন্ত্রাসী দুই গ্রুপের আধিপত্য বিস্তারকালে পুলিশী অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র সহ ৩জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মৃত আঃ হকের ছেলে রাসেল শেখ (৩০), মৃত কিয়ামুদ্দিনের ছেলে আঃ মালেক (৫৫), মৃত কিয়ামুদ্দিন সরদারের ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৩)। তাদের হেফাজত থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি (বাটসহ প্রায় সাড়ে চার ফুট লম্বা), একটি ড্যাগার, একটি লোহার রড উদ্ধার করে।

পাংশা মডেল থানা সুত্রে জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় পাংশা মডেল থানার শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী নামক স্থানে সন্ত্রাসী রাসেল গ্রুপের সাথে সন্ত্রাসী মিঠু গ্রুপের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করে। এরই মধ্যে সন্ত্রাসী মিঠু’র ভাই ফারুককে আব্দুল মালেকের বাড়ীর পাশে রাস্তায় রাসেল গ্রুপের সন্ত্রাসীরা মারপিট শুরু করে। এ খবর পেয়ে সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আঘাত করে। তখন সন্ত্রাসী রাসেল তার সাথে থাকা আগ্নেয়াস্ত্র (দেশীয় ওয়ানশ্যুটার গান ) দিয়ে গুলি করার ভয় দেখায়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন সন্ত্রাসী রাসেলকে বেদম মারপিট করে। তখন স্থানীয় আঃ মালেক (গ্রেপ্তারকৃত আসামী)  তার ঘরে থাকা দেশীয় অস্ত্র তরবারি হাতে মিঠু গ্রুপকে ধাওয়া দিলে মিঠু গ্রুপ পিছু হটতে বাধ্য হয়। এ সময় রাসেল গ্রুপের বক্কার হাতে ড্যাগার নিয়ে সন্ত্রাসী মিঠুকে ধাওয়া করে। এরুপ অবস্থা চলমান থাকার এক পর্যায়ে ধাওয়া খেয়ে সন্ত্রাসী রাসেলের হাত থেকে ওয়ানশ্যুটার গান পড়ে যায়। পরে আসামী আঃ মালেকের বসত ঘরের দক্ষিন পাশ থেকে উদ্ধার করা হয়। রাসেল আহত অবস্থায় মালেকের বসত ঘরের ভিতর দরজা বন্ধ করে অবস্থান করতে থাকে। পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়। খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ সুপারের নির্দেশনায় এ সময় জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স-অফিসার মোতায়েন করা হয়। পুলিশ মালেকের বাড়ীর চারদিক ঘেরাও করে রাখে। পরে পুলিশ সুপারের সরাসরি নেতৃত্বে থানা ও জেলা পুলিশের একটি শক্তিশালী টিম স্থানীয় লোকজনের সহযোগিতায় রাসেল শেখ, আঃ মালেক, আবু বক্কার সিদ্দিকদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি ( বাটসহ প্রায় সাড়ে চার ফুট লম্বা), একটি ড্যাগার,  একটি লোহার রড উদ্ধার করে এবং স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করে। মারপিটে আহত সন্ত্রাসী রাসেলকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঘটনায় জড়িত সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজনসহ রাসেল গ্রুপের কিছু লোক পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

সম্পর্কিত