মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকের ঘরে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ আরজিনা বেগম (৩০)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিদ শেখের পাড়া এলাকার কৃষক মোঃ মফিজ উদ্দিন মন্ডলের স্ত্রী। মফিজ – আরজিনা দম্পতি যেমন একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্মে খুশি, তেমনি লালন-পালন নিয়ে রয়েছে কিছুটা দুশ্চিন্তায়ও।
জানা গেছে, গত সোমবার (০২ মার্চ) কৃষকের প্রসুতি স্ত্রী আরজিনা বেগমের প্রসব বেদনা শুরু হলে তাকে ফরিদপুরের আল-জারা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।
বৃহস্পতিবার (০৫ মার্চ) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন নবজাতকদের পিতা মফিজ উদ্দিন মন্ডল। একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক মানুষ নবজাতকদের এক নজর দেখার জন্য ভিড় জমান।
বর্তমানে মা আরজিনা বেগম ও তার তিন নবজাতক কন্যা সন্তান হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
নবজাতকদের মা আরজিনা বেগম বলেন, আল্লাহ তাকে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন, এতে তিনি অনেক খুশি। তবে তিনটি শিশুকে লালন-পালন
করতে সরকারি সহযোগিতা পেলে তাদের লালন পালন করে বড় করতে সুবিধা হবে।
নবজাতকদের বাবা কৃষক মোঃ মফিজ উদ্দিন মন্ডল বলেন, আল্লাহ তাকে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন, এতে তিনি আনন্দিত। তবে তিনি একজন স্বল্প আয়ের কৃষক হওয়ায় তিন সন্তান লালন-পালনে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। এ ক্ষেত্রে সরকারি সহায়তা পেলে পরিবারের উপর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।












