স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে অস্ত্র দিয়ে এক যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং তাদের থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মোঃ শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মোঃ রনি বিশ্বাস (১৭)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জের ধরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে অস্ত্রটি ঢেকে রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের একজনকে ফাঁসাতে তারা এ কাজ করেছেন।
মনিরুজ্জামান খান আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।













