শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রবিবার থেকে খুলছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস হবে শনিবারও

প্রতীকী ছবি

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক : দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবশেষে রবিবার থেকে খুলছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকায় এখন থেকে শনিবারেও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শনিবার (৪ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে গত ২৫ এপ্রিলে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যথাসময়ে শিক্ষাবর্ষ শেষ করতে এখন থেকে শনিবারেও ক্লাস চলবে বলে বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে।

তবে ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি করা যাবে না। এ ছাড়াও শিক্ষার্থীদের ক্লাসের বাইরের কোনো শিক্ষা কার্যক্রমেও যুক্ত করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

এ দিকে রবিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়েও ঘোষিত ছুটি শেষ হওয়ায় নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।

পরে ২৮ এপ্রিল শর্তসাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও পরদিন সোমবার (২৯ এপ্রিল) উচ্চ আদালত আবারও দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের আদেশ দেন। পাশাপাশি একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

সম্পর্কিত