শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মাত্র ৫০ হাজার টাকা জরিমানা: ভোক্তা অধিকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

 স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ, নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কয়ার, হেলথকেয়ার, রাসাসহ দেশের কয়েকটি স্বনামধন্য ওষুধ কোম্পানির নামে নকল ওষুধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। তাদের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগকারীরা জানান, নকল ওষুধের মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনায় জেলা বা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াই ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে কারখানার মালিককে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি সমাপ্ত করা হয়। স্থানীয়দের দাবি ওষুধ আইনে গ্রেফতারসহ কঠোর শাস্তির বিধান থাকলেও তা প্রয়োগ করা হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ ছাড়া উদ্ধার করা নকল ওষুধ জনবহুল এলাকায় পুড়িয়ে ধ্বংস করায় পরিবেশ দূষণের অভিযোগও উঠেছে। স্থানীয়রা মনে করছেন, এমন দায়িত্বহীন আচরণ পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ওপর অতিরিক্ত ঝুঁকি তৈরি করেছে। কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির প্রতিক্রিয়া, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, “নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার আছি। বারবার অভিযোগ দেওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। কিছু তথ্য প্রস্তুতকারকদের কাছে ফাঁস হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, “মানুষের জীবন ঝুঁকিতে ফেলে নকল ওষুধ উৎপাদন ভয়াবহ অপরাধ। শুধু জরিমানা নয়, আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। স্থানীয়দের অভিযোগ ও ক্ষোভ, স্থানীয়দের অভিযোগ কঠোর পদক্ষেপ না নিয়ে দায়সারা অভিযানে শুধুমাত্র জরিমানার বিষয়টি ড্রাগ সুপারের কারসাজি হিসেবেই দেখছেন সচেতন মহল। তাদের মতে, নকল ওষুধের মতো স্পর্শকাতর অপরাধে এত হালকা ব্যবস্থা নেওয়ায় প্রতীয়মান হয় যে অভিযানের পদ্ধতিতে অনিয়ম ছিল, যা অপরাধীদের আরও উৎসাহিত করতে পারে। স্থানীয়দের দাবি, নকল ওষুধ উৎপাদনের মতো গুরুতর ঘটনায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে জনস্বাস্থ্যের নিরাপত্তায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

সম্পর্কিত