শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

মাগুরায় শিশু ধর্ষণ: সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে – আইন উপদেষ্টা

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার,নীলফামারী:

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনার বিচার কার্যক্রম সাত দিনের মধ্যে শুরু হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিশুটির ময়নাতদন্ত আজই সম্পন্ন হবে, এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু করা হবে।”

তিনি আরও বলেন, দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। নতুন আইনের আওতায় রবিবার বা সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।

সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা কালক্ষেপণ করিনি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।”

এ ছাড়া, এ ঘটনায় কোনো মহল যেন অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে, ধর্ষণের শিকার শিশুটি আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পর্কিত