বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা নারায়ণগঞ্জ, নোয়াখালী, নরসিংদী, খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানা যায়, অনুপ্রবেশকারী ব্যক্তিরা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ধামেরঘাট ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের মনে সন্দেহ হলে বিষয়টি বিজিবিকে জানায় এবং বিজিবি অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।
আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে বিজিবি সূত্রে জানা যায়, কাজের খোঁজে তারা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকেছিলেন এবং সেখানকার বোম্বে শহরে অবস্থান করছিলেন। ২ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে বিমানযোগে ১২৫ জন বাংলাদেশিকে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। এরপর বিএসএফ তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্তে পুশইন করেছে বলে জানা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।










