রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় মোঃ নুরুল ইসলাম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার পশ্চিম উজানচর রিয়াজ উদ্দিন পাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে গোয়ালন্দঘাট থানার গোয়ালন্দ হামিদ মৃধার হাট থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মোঃ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হয়েছে।








