রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন শিক্ষার্থীদের

বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলনরত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিনিধি (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবনের সামনে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

রবিবার (৫ মে) দুপুর ১২টার দিকে নিয়মতান্ত্রিকভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভাগটির শিক্ষার্থীরা আন্দোলন করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন। তবে উপাচার্য সে সময়ে দপ্তরে উপস্থিত ছিলেন না।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে জান্নাত সৃষ্টি বলেন, গত দুই মাস ধরে আমাদের বিভাগে বিভাগীয় প্রধান না থাকায় যে সংকটের সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা বিভাগের সকল শিক্ষার্থী বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু এ সময়ের মধ্যে ভিসি স্যার আমাদের সঙ্গে দেখা করেননি। এমতাবস্থায় প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আর তা হলো অবিলম্বে আমাদের বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া।

আরেক শিক্ষার্থী জীবন প্রধান ওহি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত। কিন্তু বিভাগীয় প্রধান না থাকায় আমরা এখন সেশনজটে পড়ার শঙ্কায় আছি। বিভাগীয় প্রধান জ্যেষ্ঠতার ভিত্তিতে না দেওয়া হলে দেখা যাবে আমাদের অন্যান্য শিক্ষক ক্লাস ও পরীক্ষা নিতে চাইবেন না। এ ছাড়াও বিভাগীয় প্রধান না থাকায় আমরা বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারছি না।

এ সময় বিক্ষোভরত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বেল্লাল উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, সমস্যাটি সম্পর্কে প্রশাসন অবগত আছে। সমস্যা নিরসনের জন্য গঠিত হওয়া কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করি আগামী সাত দিনের মধ্যে আপনারা একটি সমাধান পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব), সমস্যা নিরসন কমিটির সদস্য এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আরএম হাফিজুর রহমান বলেন, এ সমস্যা নিরসনে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে বিভাগের বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কমিটি পৃথক পৃথকভাবে কথা বলেছে। এর মাঝে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় কমিটি কাজ ঠিকভাবে করতে পারেনি। এখন আমরা আবার কাজ শুরু করেছি্। আশা করা যায়, সাতদিনের মধ্যেই আমরা এ সমস্যার সমাধান করতে পারব।

জানা যায়, চলতি বছরের ১০ মার্চ পূর্বের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের মেয়াদ শেষ হয়। সাধারণত বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হওয়ার তিন কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার কথা বিভাগের অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকদের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে।

কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যায়ক্রমে বিভাগের তিন সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার, সারোয়ার আহমাদ, মো. রহমতউল্লাহকে আইনবহির্ভূতভাবে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু তাঁরা সকলেই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর থেকেই কোনো বিভাগীয় প্রধান ছাড়াই চলছে বিভাগটি।

সম্পর্কিত