বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বেরোবিতে অপ্রতিরোধ্য সাইকেল চোরদের উৎপাত

রুশাইদ আহমেদঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাইকেল চোরদের উৎপাত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেই বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক ভবনের সামনে থেকে অন্তত চারটি সাইকেল চুরির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটলো বেরোবিতে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শরিফুল ইসলাম সজীব জানান, “সকাল ১১টার দিকে আমি কবি হেয়াত মামুদ ভবনের সামনে সাইকেল রেখে ক্লাস করতে যাই। পরে ক্লাস শেষ করে বেরিয়ে দেখি, আমার সাইকেলটি যেখানে রেখেছিলাম সেখানে নেই। বিষয়টি আমি প্রক্টর স্যারকে জানিয়েছি। তিনি লিখিত অভিযোগপত্র জমা দিতে বলেছেন।”

অনেক ভুক্তভোগী এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। প্রক্টর, প্রভোস্ট এবং প্রশাসনের অবহেলায় এসব চোর শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে অনেক সময়। এ ক্ষেত্রে, প্রশাসন ও পুলিশকে একযোগে কাজ করতে হবে।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানের সঙ্গে কথা বলতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

সম্পর্কিত