মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে RPL ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 

হাসান আলী (সবুজ):
বেকার যুবক ও যুবতীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে-এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগর সহযোগিতায় চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের RPL (Recognition of Prior Learning) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আরডিআরএস ট্রেনিং সেন্টার, রৌমারী-তে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের পূর্বে অর্জিত বিভিন্ন কাজের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা মূল্যায়ন, দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি RPL কার্যক্রমের উদ্দেশ্য, কার্যপ্রক্রিয়া এবং এর মাধ্যমে কীভাবে দক্ষতা যাচাই করে সনদ প্রদান করা হয় সে বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অনেক যুবক-যুবতী বিভিন্ন পেশায় কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করলেও প্রাতিষ্ঠানিক সনদের অভাবে তারা অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়। RPL কার্যক্রমের মাধ্যমে তাদের সেই দক্ষতার যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করা হলে তারা সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে পারে এবং আত্মকর্মসংস্থানের পথও সুগম হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সইই টেকনিক্যাল অফিসার সোহেল রানা,অন্যান্য ব্যক্তিবর্গ। তারা উপস্থিত যুবক-যুবতীদের উদ্দেশ্যে দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করে কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন বেকার যুবক ও যুবতী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এই ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা RPL কার্যক্রম সম্পর্কে নতুনভাবে জানতে পেরেছেন এবং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ব্যাপারে আগ্রহী হয়েছেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং বেকারত্ব কমানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আরো বেশি সংখ্যক যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের আওতায় আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত