আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লালমনিরহাট দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মিজানুর রহমান। আফজাল হোসেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ।
জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনার তিনদিন পর ১ নভেম্বর সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের বাসিন্দা নিহতের বাল্যবন্ধু ও হারাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় হাইকোর্ট থেকে দীর্ঘদিন অন্তবর্তীকালীন জামিনে ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। সেই জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






