জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভুয়া মানবাধিকার কর্মী পরিচয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে কর্তৃপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটে সোমবার (০৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দি অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে।
ক্লিনিক সূত্রে জানা যায়, ওই সময় তিন ব্যক্তি নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ক্লিনিকে প্রবেশ করেন। তারা রাজবাড়ী সিভিল সার্জনের প্রতিনিধি দাবি করে ক্লিনিক পরিদর্শনের কথা বলেন। একপর্যায়ে তারা ক্লিনিকের পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র দেখতে চান এবং বিভিন্নভাবে কর্তৃপক্ষ ও কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করেন।
অভিযুক্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত খন্দকার আব্দুস সালামের ছেলে জহুরুল হক নাজিম (৫০), বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামের মৃত তমছেল মোল্লার ছেলে মোঃ টুটুল মোল্লা (৫৫),
এবং শামুকখোলা গ্রামের মৃত আফতাব উদ্দিন নেয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ক্লিনিকের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ক্লিনিক কর্তৃপক্ষ আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের আটক করে।
পরবর্তীতে আটককৃতদের বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বালিয়াকান্দি থানায় মামলার রেকর্ডের পর মঙ্গলবার (০৭ এপ্রিল) আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









