বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আগুনে পুড়ে কৃষকের ১ গরুর মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া কাউন্নাইর গ্রামে আগুনে পুড়ে এক কৃষকের ৮ মাসের গর্ভবতী ১ টি গরু মারা গেছে।

বৃহস্পতিবার(০৫ মার্চ) ভোররাত সাড়ে ৫ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া কাউন্নাইর এলাকার খোয়াজ মন্ডলের ছেলে ছানোয়ার মন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মোঃ ছানোয়ার মন্ডল জানান, পবিত্র মাহে রমজানের ভোর রাতে সেহেরী রান্নার পর খাওয়া-দাওয়া শেষ করে সবাই ঘরেই ছিলেন। সদ্য রান্না করা চুলার উপরে গোবরের লাঠি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় তিনি গোয়াল ঘরের চারপাশে আগুন দেখতে পান। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিদের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে তার সব শেষ হয়ে যায়।

কৃষক ছানোয়ার মন্ডল আরও জানান, আমি দরিদ্র মানুষ ধার দেনা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গরু কিনে লালন পালন শুরু করেছিলাম। গোয়ালঘরসহ ১টি গরু পুড়ে যাওয়ায় তার অন্তত ২ লাখ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৫টার দিকে রমজানের সেহরি খেয়ে অনেকেই ফজরের নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। এমন সময় কৃষক ছানোয়ার মন্ডল আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিবেশীসহ এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছানোয়ার মন্ডলের ৮ মাসের গর্ভবতী একটি গরু পুড়ে মারা যায়।

সম্পর্কিত