শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পুলিশ অবহেলিত হলে দেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মোঃমকবুলার রহমান রহমান স্টাফ রিপোর্টার নীলফামারীঃদেশ গঠনের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “পুলিশকে অবহেলা করে দেশ এগিয়ে নেওয়া অসম্ভব। তাদের শক্তিশালী ভূমিকা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মাঠপর্যায়ের ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নতুন সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে তিনি বলেন, “আইন যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, তাহলে সরকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার—সবকিছুই নড়বড়ে হয়ে পড়বে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহিনীকে জনবান্ধব, দক্ষ ও আদর্শবান হতে হবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এক সময় পুলিশ নানা বিতর্কের মুখে পড়েছিল। কিন্তু সময় বদলেছে। এখন পুলিশ বাহিনীকে আলোকিত বাংলাদেশের স্বপ্ন পূরণে দায়িত্ব নিতে হবে।”

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য রাখেন। এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পুলিশ বাহিনীর উন্নয়নে করণীয় নিয়ে মতামত দেন।

সভায় পুলিশের আধুনিকীকরণ, জনবান্ধব নীতিমালা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। “আমরা চাই, পুলিশ বাহিনী হবে মানুষের আস্থার প্রতীক,”—বলেন প্রধান উপদেষ্টা।

বিশেষজ্ঞরা মনে করছেন, পুলিশের প্রতি সরকারের নতুন এই দৃষ্টিভঙ্গি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত