রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল দুঘর্টনায় শুভ ও নিলয় নামে ২ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুভ উপজেলার শরিসা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও নিলয় মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে। রিফাত নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আহত রিফাত একই গ্রামের মনজুর বিশ্বাসের ছেলে। আহত রিফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সকলেই একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫টার সময় পাংশা উপজেলার মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কের রুপিয়াট দাখিল মাদ্রাসার সামনে অটো ওভারটেক করতে গেলে মাদ্রাসার সীমানা প্রাচীরে গিয়ে ধাক্কা লেগে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা বলেন, বুধবার বিকালে তিন বন্ধু পাংশা থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথে একটা অটোরিকশার সাইড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ওয়ালের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যায়। সেখভানে কর্তব্যরত চিকিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা করেন।
শরিসা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম বলেন, এ দুঘর্টনা আমার এলাকায় ঘটেছে। এ ঘটনায় আমরা শোকাহত। পাংশা হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।








