রাজবাড়ী প্রতিনিধিঃনিখোঁজ হওয়ার ৩১ ঘণ্টার পরও সন্ধান মেলেনি ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া ফজিলাতুন নেছা নামের এক নারীর।গত সোমবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ফেরি ঘাটগামী ‘বাইগার’ নামের একটি ফেরি থেকে ওই নারী পদ্মা নদীতে লাফ দেন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।
ফজিলাতুন নেচা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা।
ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম বলেন, ‘পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পড়া এক নারী পদ্মা নদীতে লাফ দেয়। তার পড়ণে বোরকা পড়া ও মাথায় সাদা রঙের স্কাপ পরিহিত ছিল। তাৎক্ষণিকভাবে আমি লালন পরিবহনে খোঁজ নিয়ে দেখি ওই নারী আমার পরিবহনের যাত্রী না। অন্য কোনো পরিবহনের যাত্রী বা কিভাবে ফেরিতে উঠেছে তা বলতে পারব না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘আমাদের লোকজন খোঁজ চালাচ্ছেন, তবে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমরান মাহমুদ তুহিন বলেন, ‘খবর পাওয়ার পর থেকে নৌপুলিশ পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে এখনো নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’













