শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে নদী ভাঙন রোধে ৩১ কি.মি. বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা

পঞ্চগড়ে নদী ভাঙন রোধে ৩১ কি.মি. বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণাবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের করতোয়া নদী ভাঙন রোধে ৩১ কিলোমিটার এলাকাজুড়ে ব্লক স্থাপন করে তীর সংরক্ষণ কাজ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর ডিসি পার্ক এলাকা থেকে ময়নামতি চর সংলগ্ন নদীতীর পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ তথ্য জানান। এ সময় তিনি ভাঙনপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নদীভাঙনে বহু ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকা সুরক্ষায় নদীতীরে ব্লক স্থাপনের মাধ্যমে টেকসই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাঙন কমার পাশাপাশি কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।
‎তিনি আরও বলেন, অতীতের খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকারও নদী-খাল ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা জোরদারে কাজ করছে।

প্রতিমন্ত্রী ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। নদীভাঙন রোধ ও পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আগামী জুনের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার প্রস্তুতি চলছে।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপীসহ  বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত