বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযানে এসআই আবু হোসেনের নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ এলাকার মৃত: আবুল হোসেনের পুত্র মোঃ সালমান হোসেন সোহাগ (২৫), ভাজনী এলাকার মনোয়ার হোসেন এর পুত্র মোঃ সাগর ইসলাম (২০) এবং বোদা উপজেলার মহিষ বাতান এলাকার হাতেম আলীর পুত্র রাকিব হোসেন(২১)
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা











