শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনের আগে ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে’ যেতে পারে সরকার

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই জাতীয় নির্বাচনী প্রস্তুতি ও রাষ্ট্রীয় সংস্কারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। সরকার সংশ্লিষ্ট মহলের মতে, শেষ পর্যন্ত ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ বাস্তবায়নের মাধ্যমে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে পারে সরকার।

জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রীয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাবগুলো পেশ করেছে, সেগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া আসার পাশাপাশি কিছু ভিন্নমতও প্রকাশ পেয়েছে। ফলে পূর্ণাঙ্গ সংস্কারের বদলে একটি সংক্ষিপ্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, নির্ধারিত সময়ের (২০ সেপ্টেম্বর) আগেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এর আগে, গত ১৭ মার্চ এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই। ইতোমধ্যে সাত মাস অতিক্রম করেছি। আমরা বলেছি, ডিসেম্বরে নির্বাচন হবে। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।”

এ পরিস্থিতিতে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করবে এবং রাজনৈতিক দলগুলো এতে কতটা সমর্থন জানাবে, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত