নলডাঙ্গা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় একটি সেতু পারাপারের সময় অটোরিক্সা উল্টে খাদে পড়ে আবুল কালাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বামনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার হরিদাখলসী গ্রামের আলহাজ্ব ফজলুল হক ফজল এর ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে অটোরিক্সা চালক আবুল কালাম তার অটোরিক্সায় কাঁচ ও হার্ডবোর্ড বোঝাই করে নলডাঙ্গা বাজার থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বামনগ্রাম এলাকায় সেতুর সংযোগ সড়ক (পুর্বপাড়ে) কাদাযুক্ত ও পিচ্ছিল হওয়ায় সেতুতে উঠতে গিয়ে অটোরিক্সাটি পিছলে-উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
উল্লেখ্য যে, এই বামনগ্রাম সেতু পাড়াপাড় হওয়ার সময়ে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে আসছে। এলাকাবাসী সেতুর দুই পাশে সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানান।










