বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পানি প্রতিমন্ত্রী আজাদ

দেবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পানি প্রতিমন্ত্রী আজাদবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে উপজেলার গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় পঞ্চগড়-২ আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে  প্রায় দেড় হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।

‎উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৪৬৫ জন নারীকে একটি করে শাড়ি ও ১০ কেজি চাল এবং ১ হাজার ১৬৫ জন পুরুষকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

‎‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতা, খাদ্য সহায়তা, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত নানা কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন ও উৎসবমুখর সময়ে যাতে কোনো মানুষ দুঃখ-কষ্টে না থাকে, কেউ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়- সে লক্ষ্যে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এবং সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি সহায়তা প্রদান কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই অনিয়ম, দুর্নীতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, যদি কেউ এই সহায়তা কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীরা যথাযথভাবে সরকারি সুবিধা পেতে পারে এবং একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত হয়।

‎উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, উপজেলায় রাস্তা-ঘাট পাকা করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি বেকারত্ব দূর করতে একটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

‎এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সম্পর্কিত