শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী জহুরাল গ্রেপ্তার

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী জহিরুল হককে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার জহুরুল হক উপজেলার সোনাহার ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, রোববার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে ভুক্তভোগী কিশোরী অভিযুক্তের বসতবাড়ি সংলগ্ন মুদি দোকানে গেলে জহুরুল হক খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতরের শোবার ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। কিশোরীর চিৎকার ও কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত জহুরুল হক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে বাকপ্রতিবন্ধী ও সহজ-সরল। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তাদের বাড়িতে যাতায়াত করত এবং বিভিন্ন সময় মেয়েকে তার দোকানে যেতে বলত। মেয়ের সরলতার সুযোগ নিয়েই এই জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুবাহান আলী বলেন, নামাজ আদায় শেষে সবাই চলে যাওয়ার পর জহুরুল হক তার দোকানে যান। কিছুক্ষণ পর ওই কিশোরী দোকানের সামনে উপস্থিত হলে তিনি তাকে ভেতরে আসার ইশারা দেন। কিশোরী দোকানের ভেতরে প্রবেশ করার পর জহুরুল হক ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি শোনা গেলে আশপাশের লোকজন জড়ো হয়। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলে কিশোরীকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং জহুরুল হক দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দেবীগঞ্জ থানায় জহুরুল হককে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে (মামলা নং- ৩, তারিখ: ১২/১২/২০২৫)। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মনিরুজ্জামান বলেন, “ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আসামি জহিরুল মুন্সীকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতার আসামীকে আজ আদালতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত