বিমল কুমার রায়,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে “তথ্য অধিকার আইনের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১১টায় “ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি” (NED) এর সার্বিক সহযোগিতায় এবং রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (RIB)-এর আয়োজনে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
RIB দেবীগঞ্জ উপজেলা সভাপতি আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RIB-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মতিউর রহমান। RIB দেবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের নানা পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়ছার আলী, ফ্যাসিলিটেটর (FF), RIB এবং দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন প্রমুখ।
বক্তারা বলেন, “তথ্য অধিকার আইন শুধু একটি আইন নয়, এটি সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। এ আইন কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে জনগণ সরকারি তথ্য সহজে পেতে পারে, যা দুর্নীতি হ্রাস ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে”
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে তথ্য অধিকার বিষয়ক লিফলেট, সচেতনতামূলক নোটবুক এবং তথ্য আবেদন ফরম বিতরণ করা হয়।
স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।










