বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। সভার শুরুতে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নি শিখা স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় ইউনিয়নভিত্তিক গ্রাম আদালতের মামলার অগ্রগতি উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় পদক্ষেপ, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মাহমুদুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ ও সুগম করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম মাঠপর্যায়ে চলমান রয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্থানীয়ভাবে সহজ, স্বল্প ব্যয়ে, দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী- বিশেষ করে নারীদের-আইনগত সক্ষমতা বৃদ্ধি করা।
সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।










