বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের নব নির্বাচিত সাংসদ আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কঠোর নির্দেশনা প্রদান করেছেন”। এ লক্ষ্যে তিনি উপজেলার প্রত্যেকটি দপ্তর প্রধানকে সতর্ক, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, “সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। জনগণের আস্থা অর্জনে জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে”। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে সারাদেশের মধ্যে মডেল ও উন্নত উপজেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করে যাবেন। অবকাঠামোগত উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি সকল কর্মকর্তা – কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ-বোদা সার্কেলের এ.এসপি সামুয়েল সাংমা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মনিরুজ্জামান, তদন্ত ওসি প্রবীর কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন রায়, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শাকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোস্তম আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ।










