শিরীন পারভীন
উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শিরীন পারভীন। এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর পদোন্নতির এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক পর্যায়ের কর্মচারী শিরীন পারভীনকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর তৃতীয় গ্রেড অনুযায়ী মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়। দুদকে এখম পর্যন্ত প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিরীন পারভীনসহ তিনজন দুদকের নিজস্ব কর্মকর্তা হলেও বাকি পাঁচজনের মধ্যে চারজনই প্রশাসন ক্যাডার থেকে দুদকে ডেপুটেশনে যোগ দিয়েছিলেন এবং অপরজন পেয়েছিলেন বিচার বিভাগ থেকে নিয়োগ।













